নাটোর প্রতিনিধি:
নাটোরে নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ফজের আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াছিনের বাবা।
রোববার (৩০ আগস্ট) বিকেলে নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফজের আলী নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে ট্যাংক থেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


