লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রচারের জেরে জাহিদুল হক নামের এক সাংবাদিককে ফেইসবুকে বয়কটের ডাক এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এম ফয়সাল আহমেদ (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে লাকসামের ইছাপুরা গ্রামের মজুমদার বাড়ির জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগমকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করে গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে ‘জেড টিভি নিউজ’ ফেইসবুক পেইজে লাইভ কন্টেন্ট প্রচার করেন সাংবাদিক জাহিদুল হক।
উক্ত সংবাদ প্রচারের জেরে গত ২৯ আগস্ট দুপুর ৩টার দিকে লাকসাম পুরান বাজার এলাকায় অবস্থানকালে বিবাদী ফয়সাল আহমেদ তার নিজ ফেইসবুক আইডি থেকে সাংবাদিক জাহিদুলের ছবি ও পেইজের স্ক্রিনশট দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে একটি মানহানিকর পোস্ট করেন। পোস্টে তাকে ‘ঘুষখোর সাংবাদিক’ উল্লেখ করে বয়কট করার আহ্বান জানানো হয় এবং পাঁচ হাজার টাকা দাবির মিথ্যা অভিযোগ তোলা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তির ফেইসবুক প্রোফাইলে আগ্নেয়াস্ত্র হাতে নেওয়া একটি ছবিও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক জাহিদুল হক জানান, ফেইসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং সন্ত্রাসী প্রকৃতির ওই ব্যক্তির হুমকিতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে তিনি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
লাকসাম থানার পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


