Homeজাতীয়পুলিশিং কার্যক্রম জোরদারে লাকসাম থানায় পিকআপ ভ্যান দিলেন এমপি আবুল কালাম

পুলিশিং কার্যক্রম জোরদারে লাকসাম থানায় পিকআপ ভ্যান দিলেন এমপি আবুল কালাম

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় পুলিশিং কার্যক্রম আরও জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাকসাম থানা পুলিশকে একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থানা প্রাঙ্গণে পিকআপ ভ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর হাতে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় লাকসাম থানায় গাড়ির সংখ্যা কম থাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে। অনেক সময় সিএনজি ভাড়া করে পুলিশ সদস্যদের চলাচল করতে হয়েছে।

তিনি বলেন, ‘থানা পুলিশের তৎপরতা আরও বাড়াতে একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছি। আশা করি, এখন থেকে উপজেলার সর্বত্র পুলিশের টহল আরও জোরদার হবে। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।’

এ সময় চরাঞ্চলের অস্ত্রধারীদের সতর্ক করে এমপি আবুল কালাম বলেন, যারা চুরি-ডাকাতি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তাদের সময় বেশি নেই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কোনো ব্যক্তির ওপর অত্যাচার বা হয়রানি করা যাবে না।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। পর্যায়ক্রমে মনোহরগঞ্জ থানার জন্যও আরও একটি গাড়ির ব্যবস্থা করা হবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) বলেন, যানবাহন সংকটের কারণে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষা, টহল এবং দূর-দুরান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। লাকসাম থানার যানবাহন সংকটের বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মো. আবুল কালাম একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, নতুন পিকআপ ভ্যানটি লাকসাম থানার পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, নিয়মিত টহল এবং প্রত্যন্ত এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

পুলিশ সুপার এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মো. আবুল কালামকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে লাকসাম থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন যানবাহন যুক্ত হওয়ায় লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে। পাশাপাশি চুরি, ডাকাতি, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments