নিজস্ব প্রতিবেদক:গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে রাজধানী ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন।’
তিনি বলেন, দাবি মেনে না নেওয়া হলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। তখন কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জনগণের দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা হলেও মানবাধিকার হরণ করা হচ্ছে। তিনি বলেন, লংমার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কর্মসূচি বন্ধ করা যাবে না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার কথা জানান তিনি।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে তারা লংমার্চ করছেন। দেশকে সঠিক পথে আনার জন্যই এ কর্মসূচি বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার বিষয়ে জনগণকে জানাতেই তারা লংমার্চ করছেন।
উদ্বোধনী সমাবেশে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে। লংমার্চের পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া লংমার্চের রুটের বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনানুষ্ঠানিক পথসভা এবং সংক্ষিপ্ত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


