Homeজাতীয়লভ্যাংশ না পেয়ে সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা

লভ্যাংশ না পেয়ে সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা

বিশেষ প্রতিনিধি, লাকসাম:

কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটি ও হাসপাতাল লিমিটেডের বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লভ্যাংশ না পাওয়া ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে পাল্টাপাল্টি কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) লাকসাম পৌরসভার সামনে মানববন্ধন করেন বিনিয়োগকারীদের একাংশ। পরে তারা সুরক্ষা হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, লাকসাম শিল্প পার্ক লিমিটেড, সুরক্ষা সিটি ও সুরক্ষা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টো বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে তাঁদের অর্থ আত্মসাৎ করেছেন। একাধিকবার লভ্যাংশ প্রদানের তারিখ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো লভ্যাংশ পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তারা।

বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ১৭ বছর পেরিয়ে গেলেও কোনো পরিচালনা কমিটি গঠন করা হয়নি। ব্যবস্থাপনা পরিচালক এককভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ অবস্থায় বিনিয়োগের অর্থ ও লভ্যাংশের স্বচ্ছ হিসাব প্রকাশের পাশাপাশি দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা।

একপর্যায়ে বিক্ষোভকারীরা সুরক্ষা সিটির অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের নিয়ন্ত্রণ নেন। এ সময় তারা ঘোষণা দেন, আগামী সোমবার পর্যন্ত লভ্যাংশ পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে, গতকাল ফেসবুক লাইভে মো. আসাদুজ্জামান ভুট্টো জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের বিদেশে অবস্থানের কারণে পূর্বনির্ধারিত লভ্যাংশ বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর দুই দিন আগে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, অফিসের তালা কেটে ও ভেঙে ভেতরে প্রবেশের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাকসাম থানা ও আদালতে মামলা করার কথা জানিয়েছেন মো. আসাদুজ্জামান ভুট্টো।

দীর্ঘদিনের এই বিরোধে বিনিয়োগকারীদের অর্থ ও লভ্যাংশের হিসাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন বিনিয়োগকারীদের দাবি পূরণে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments