Homeসারাদেশজেলার খবর৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে লাকসামে জামায়াতের বড় শোডাউন

৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে লাকসামে জামায়াতের বড় শোডাউন

লাকসাম প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা–চট্টগ্রাম লংমার্চকে সামনে রেখে লাকসামে রাজপথে সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে স্বাগত মিছিল, সমাবেশ ও ব্যাপক লিফলেট বিতরণ করেছে দলটির লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে লাকসাম দৌলতগঞ্জ বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলের আগে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ জহিরুল ইসলাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এ কে এম শাহআলম

বক্তারা ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সাবেক আমীর মো. আবুল হাশেম, সহকারী সেক্রেটারি মো. নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন এবং কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু জাফর সালেহ, মো. সাইফুল ইসলাম খোকন, খোরশেদ আলম তুহিন, জাহাঙ্গীর আলম, আকবর হোসেন মোল্লা, মো. মমিন মাওলা, আবুবকর জাহিদ, লোকমান হোসেন ও ফরিদ উদ্দিন ছিদ্দিকী

এ ছাড়া লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডের আমীর-সেক্রেটারি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৫ সেপ্টেম্বরের লংমার্চকে সামনে রেখে লাকসামে জামায়াতের এ ধরনের প্রকাশ্য কর্মসূচি দলটির সাংগঠনিক তৎপরতার একটি দৃশ্যমান দিক তুলে ধরেছে। স্বাগত মিছিল, সমাবেশ ও বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে দলটি একদিকে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দিয়েছে, অন্যদিকে আসন্ন কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে জনসম্পৃক্ততা তৈরির চেষ্টা করছে।

রাজনৈতিক অঙ্গনে যখন বিভিন্ন দল নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রদর্শনে তৎপর, তখন লাকসামে জামায়াতের এ কর্মসূচিকে স্থানীয় রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments