Homeজাতীয়শাস্ত্রীয় নৃত্যচর্চা ছড়িয়ে দিতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগ কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ...

শাস্ত্রীয় নৃত্যচর্চা ছড়িয়ে দিতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগ কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য, সৌন্দর্য ও নান্দনিকতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং স্থানীয় শিল্পীদের নৃত্যচর্চায় দক্ষ করে তুলতে কক্সবাজারে শুরু হয়েছে ভরতনাট্যম নৃত্যের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টায় কক্সবাজার ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রশিক্ষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী গোলাম মোস্তফা ববি, অতিথি কবি আসিফ নূর, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক অদিতি বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক সুমি দাশ ও ঋষিতা দেবী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সুব্রত মল্লিক, সদস্য শেখ ইউনুসসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, একটি জাতির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে শাস্ত্রীয় নৃত্যচর্চার গুরুত্ব অপরিসীম। ভরতনাট্যম শুধু একটি নৃত্যধারা নয়, এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীন শাস্ত্রীয় শিল্পঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর মুদ্রা, ছন্দ, অভিব্যক্তি ও শারীরিক উপস্থাপনার মধ্য দিয়ে শিল্পীরা নান্দনিকভাবে বিভিন্ন ভাব ও কাহিনি তুলে ধরেন। কক্সবাজারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়া স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে। তাঁরা আরও বলেন, কক্সবাজারে সংগীত, নাটক ও নৃত্যচর্চার সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। নতুন প্রজন্মকে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের পর প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি প্রশিক্ষণার্থীদের ভরতনাট্যম নৃত্যের প্রাথমিক পাঠ দেন। এ সময় তিনি নৃত্যের মৌলিক মুদ্রা, শারীরিক ভঙ্গি, ছন্দ, তাল ও অভিব্যক্তি সম্পর্কে ধারণা দেন। পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীদের নৃত্যের বিভিন্ন কলাকৌশল শেখানো হবে।
প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি বলেন, ভরতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্যধারা, যেখানে শরীরের প্রতিটি ভঙ্গি, হাতের মুদ্রা, চোখের অভিব্যক্তি ও ছন্দের বিশেষ তাৎপর্য রয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এর সৌন্দর্য ও শৈল্পিক দিকগুলো আয়ত্ত করতে হয়। আগ্রহ ও নিষ্ঠা নিয়ে প্রশিক্ষণ চালিয়ে গেলে নতুনরাও এ নৃত্যধারায় দক্ষতা অর্জন করতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শাস্ত্রীয় নৃত্যের চর্চা সম্প্রসারণ, নতুন শিল্পী তৈরি এবং কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments