নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় তিন দিনব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে এসব গ্রেফতারের ঘটনা ঘটে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করা, মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জন রয়েছেন।
এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার সংখ্যা এবং তাদের আদালতে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


