HomeUncategorizedকুমিল্লা পারিবারিক কলহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা পারিবারিক কলহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই জাকির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জাকিরের মৃত্যু হলেও দীর্ঘ সময় বিষয়টি পুলিশকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ার নবী মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, তার মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝ বরাবর কাটা জখমের চিহ্ন পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, জাকির অচেতন হয়ে পড়ার পরও বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় চৌকিদার মোকলেসকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম শুরু করেন।

পুলিশের ভাষ্য, নিহত জাকির মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনাও ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় জাকিরের বড় ভাই মো. শাকিলের দিকে অভিযোগের তীর উঠেছে। শাকিল কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ার আইয়ুব আলীর ছেলে। তার সঙ্গে আরও কয়েকজন জাকিরকে মারধরে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জাকিরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহের ময়নাতদন্ত, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments