সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ
মাদারীপুরে পুলিশের পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির আইসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে , পুলিশের একটি পিকআপ গাড়ি আসামিসহ মাদারীপুর সদর থানা থেকে আসামি নিয়ে শিবচর থানায় যাওয়ার সময় পখিরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। মুহূর্তেই গাড়ির ভেতরে থাকা পুলিশ কনস্টেবল আবদুস সালাম নিহত মা-রা যান। এসময় শিবচর উপজেলার চর ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকসহ পাচ পুলিশ সদস্য ও চার আসামিসহ আহত ১০ জন হন।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গুরুতর কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমরা তদন্ত করে দেখছি, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে কোনো কিছু ছিল কি না তদন্ত করে জানাতে পারব। নিহত ও আহত পুলিশ সদস্যরা শিবচর থানার অধীনে কর্মরত বলে জানান তিনি।


