বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গাজিমাঝী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আতিকা আক্তারকে বিশেষ অভিনন্দন জানিয়ে উপহারসামগ্রী ও ফুল তুলে দেন নেতৃবৃন্দ। একই সাথে অষ্টম শ্রেণির সমাপনীতে সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরও মেধাক্রম অনুযায়ী বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের সার্বিক উৎসাহ প্রদান অত্যন্ত জরুরি। মেধাবীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে অন্য সাধারণ শিক্ষার্থীরাও আগামীতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে।”
বাউফল উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও ‘জুলাই যোদ্ধা’ মো. কাউসার হোসেন, রিফাত জোমাদ্দারসহ স্থানীয় ছাত্রদল, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।


