মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
একজন শিক্ষার্থীর জীবনে ভালো ফলাফল অর্জনের চেয়ে আগে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী।
তিনি বলেন, শুধু বইয়ের পড়াশোনায় ভালো করলেই হবে না, শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের সঠিক পরিচর্যায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. ইলিয়াস পাটোয়ারী বলেন, “শিশুদের মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন। আজকের সুস্থ শিশু আগামী দিনের সুস্থ জাতি গঠনে সহায়ক।” তিনি শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা মো. আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিব উল্যাহ, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বিদ্যালয়ের জরাজীর্ণ টিনশেড শ্রেণিকক্ষ সংস্কার, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, খেলার মাঠ উন্নয়ন এবং একটি পাকা বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানান।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ, শহীদ মিনার স্থাপনসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারীর মাধ্যমে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারীসহ অন্যান্য অতিথিরা।
এ ছাড়া ২০২৫ সালে উপজেলা স্কাউটস কমিশনার নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম এবং স্কাউটে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাম্মৎ রোকেয়া বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত পাঁচজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


